রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা চায় মালয়েশিয়া
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় বাস্তবায়নে জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।
একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
শনিবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আইসিজের রায়কে সম্মান জানায় কুয়ালালামপুর। ওই রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, রায়ের পরিপ্রেক্ষিতে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে জাতিসংঘ, ওআইসি, আসিয়ানসহ অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সঙ্গে আলোচনা ও সহযোগিতা অব্যাহত রাখবে মালয়েশিয়া।
গত ১৯ নভেম্বর আইসিজে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের ২০১৭ সালের সামরিক অভিযানের বিষয়ে রায় ঘোষণা করে। রায়ে শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার সুযোগ, পুনর্বাসন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে হামলা চালায় সশস্ত্র রোহিঙ্গা সংগঠন আরাকান স্যালভেশন আর্মি (আরসা)। এর জেরে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।
সেনাবাহিনীর নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের মুখে রোহিঙ্গারা বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে পালিয়ে যেতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এলাকার শরণার্থীশিবিরগুলোতে ১৫ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন।
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের সামগ্রিক ও স্থায়ী সমাধানে কাজ চালিয়ে যাবে দেশটি। মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করারও ঘোষণা দিয়েছে কুয়ালালামপুর।
মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থী
৩০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কাছে ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিবন্ধিত ছিলেন।
এ ছাড়া অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশটির অভিবাসন আটক কেন্দ্রগুলোতে আরও ৬ হাজার ২৯৪ জন রোহিঙ্গা আটক ছিলেন।
ইউএনএইচসিআরের পরিসংখ্যান অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৬ লাখ ৪০ হাজার মিয়ানমারের নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।
২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে আসিয়ান দেশটির সামরিক নেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করে।
গত ১৮ নভেম্বর মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং জানান, তাঁর প্রশাসন আসিয়ানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। তবে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।
এর আগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান নেতাদের বৈঠকে জোটের নেতারা জানান, মিয়ানমারের ক্ষমতাসীন সরকার সংকট সমাধানে প্রস্তাবিত দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অগ্রগতি অর্জন করলেই দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে।