ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে এ কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কসহ ফটিকছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ‘সারাদেশে একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা অতীতে মাফিয়াতন্ত্র কায়েম করেছে এবং আমার ভাইদের হত্যা করেছে, তারা আবারও দেশে নৈরাজ্যে মেতে উঠেছে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্য গড়ে তুলে ফ্যাসিস্টদের বাংলাদেশ ছাড়া করতে হবে।’
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। যারা দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদেরও শেখ হাসিনার মতো দেশ ছাড়তে হবে।
সরোয়ার আলমগীর বলেন, শান্তিপ্রিয় বাংলাদেশকে যারা অশান্ত করার চেষ্টা করছে, তারা সফল হবে না। দেশের মানুষ সজাগ ও সচেতন রয়েছে।
প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের গুপ্তচর রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ আগস্টের আগে পুলিশ লীগ, আওয়ামী লীগ কিংবা প্রশাসন লীগ কেউই শেখ হাসিনা ও তাঁর সন্ত্রাসীদের রক্ষা করতে পারেনি। এখন জনগণকে আবার জেগে উঠে ৫ আগস্টের মতো বিপ্লবের মাধ্যমে এসব সন্ত্রাসীকে দেশছাড়া করতে হবে। এ জন্যই আজ জাতীয় ঐক্য প্রয়োজন। গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আপামর জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।’
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য ও উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, সদস্যসচিব শাহনেওয়াজ সেবুল, নাছির উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, মনসুর আলম চৌধুরী, সরোয়ার মফিজ, আজিজ উল্লাহ, হাসানুল কবির, মো. হানজাল্লা, দৌলত মিয়া, আহমদ রশিদ চৌধুরী, জাহেদুল ইসলাম মেম্বার, মো. সাইফুদ্দীন, মোজাহারুল ইকবাল লাভলু, এমদাদুল ইসলাম মুন্না, প্রিন্স ওমর ফারুক, একরামুল হক, সাইফুল হায়দার রাসেল, আরফাত তোষার ও মো. ফোরকানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।