হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে অজ্ঞাত প্রোজেক্টাইলের হামলা
ইরানের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি ট্যাঙ্কারের পেছনের অংশে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হানে। শনিবার ইউকেএমটিও এ হামলার তথ্য নিশ্চিত করে।
এরপর খাসাব উপকূল থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল পূর্বে আরেকটি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হানার খবর জানায় সংস্থাটি। তবে দুটি ঘটনায় আক্রান্ত জাহাজ দুটি আলাদা কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইউকেএমটিও জানিয়েছে, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি জাহাজগুলো থেকে তেল বা অন্য কোনো পদার্থ ছড়িয়ে পরিবেশগত সংকট তৈরি হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার খাসাবের কাছে একটি ট্যাঙ্কারে একই ধরনের হামলার ঘটনা ঘটে। ওই হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইউকেএমটিও।
ওমানের মুসান্দাম উপদ্বীপে অবস্থিত খাসাব হরমুজ প্রণালির প্রবেশমুখে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ এই প্রণালি দিয়ে সংঘাত শুরুর আগে বৈশ্বিক অপরিশোধিত তেলের সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত ছড়িয়ে পড়ার পর জলপথটি বন্ধ করার উদ্যোগ নেয় তেহরান। এরপর থেকেই হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।