| | |

অর্থনীতি

চট্টগ্রামে ইসলামিক ব্যাংকের আমানতকারীদের অবস্থান, চার দফা দাবি

আমানতের মুনাফার হার বাড়ানো, স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালু ও ডিজিটাল সেবা সচল করাসহ চার দফা দাবিতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামিক ব্যাংকের আমানতকারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরের আগ্রাবাদ ব্যাংকপাড়ায় আখতারুজ্জামান সেন্টারের সামনে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত ইসলামিক ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম কমিটি।

কর্মসূচি শেষে আমানতকারীদের একটি প্রতিনিধিদল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের চট্টগ্রাম শাখায় গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তাঁদের দাবিগুলো তুলে ধরেন।

কর্মসূচিতে সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি শারমিন আক্তার, অর্থ সম্পাদক আলাউদ্দিন আজাদ, মুখপাত্র আলীশান মোহাম্মদ নাজমুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আহসান বক্তব্য দেন।

বক্তারা বলেন, অতীতে আমানতকারীদের আন্দোলন ও গণমাধ্যমের ভূমিকার কারণে ‘হেয়ার কাট’ প্রথা বন্ধ এবং স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালুর ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। তবে আমানতের বিপরীতে মুনাফার হার এখনো অন্যান্য তফসিলি ব্যাংকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি।

অবস্থান কর্মসূচি থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো বাজারভিত্তিক ও প্রতিযোগিতামূলক মুনাফার হার নিশ্চিত করা, অযৌক্তিক রেজুলেশন ও শর্ত ছাড়া স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালু করা, ব্যাংকিং অ্যাপ ও ডিজিটাল সেবা সচল করা এবং এক মাস, ১০০ দিন ও ছয় মাস মেয়াদি বিভিন্ন ব্যাংকিং পণ্যের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা।

পরে ব্যাংক দুটির শাখা ব্যবস্থাপকদের সঙ্গে আলোচনায় আমানতকারীরা তাঁদের দাবিগুলো বাস্তবায়নে বিলম্বের কারণ জানতে চান। ব্যবস্থাপকেরা তাঁদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন।

বক্তারা দাবি করেন, এসব ব্যাংকের সঙ্গে ৮৪ লাখ আমানতকারী যুক্ত রয়েছেন। তাঁরা ব্যাংক ছেড়ে যেতে চান না। আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আমানতকারীরা।

ক্যাটাগরি