হঠাৎ ঢাকায় পিটার হাস, গেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে
অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস ঢাকা সফরে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি মন্ত্রণালয়ে যান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দুপুরের দিকে পিটার হাস মন্ত্রণালয়ে আসেন। তবে কার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমানের সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি মন্ত্রণালয়ে গেছেন।
বর্তমানে জ্বালানি খাতের প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন পিটার হাস। এ দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর করেন তিনি।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত থাকাকালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন পিটার হাস। ফলে তার এবারের ঢাকা সফর ঘিরেও রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসরে যান তিনি। এরপর অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে যোগ দেন।