| | |

আর্ন্তজাতিক

দিল্লিতে মোদি সরকারবিরোধী লাখো মানুষের সমাবেশের আয়োজন

ভারতের রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে আজ রোববার (১ নভেম্বর) সমাবেশের আয়োজন করেছে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। এতে লাখো মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সমাবেশে অংশ নিতে আসা সমর্থকদের কর্মসূচির আগে কিংবা পরে স্থানীয় বাজার ও দোকান থেকে কেনাকাটা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

দীপাবলি উৎসবের প্রস্তুতির মধ্যে সমাবেশ আয়োজন করায় দিল্লির ব্যবসায়ীদের একাংশ ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এ কারণে উৎসব শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানিয়েছিল কয়েকটি ব্যবসায়ী সংগঠন।

এমন পরিস্থিতিতে শনিবার (৩১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, সমাবেশ, মিছিল ও বিক্ষোভে অংশ নেওয়ার পাশাপাশি সমর্থকদের স্থানীয় দোকান থেকে কেনাকাটাও করা উচিত।

তিনি বলেন, এতে স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন। তাঁর অভিযোগ, সমাবেশের কারণে ব্যবসায়ীদের ক্ষতি হবে—এমন গুজব ছড়াচ্ছে বিজেপি।

রাহুল গান্ধী আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ দিল্লিতে আসুক এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য কিনে তাঁদের সহযোগিতা করুক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ীদের একটি সংগঠন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রতি দীপাবলি পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানিয়েছিল। এর কয়েক ঘণ্টা পরই সমর্থকদের কেনাকাটার আহ্বান জানান রাহুল গান্ধী।

সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ছোট ছোট স্থানীয় দোকানেও সমর্থকেরা কেনাকাটা করবেন বলে প্রত্যাশা করছেন কংগ্রেস নেতা।

ক্যাটাগরি