| | |

খেলাধুলা

পাকিস্তানের নারী ক্রিকেট দলেও বড় পরিবর্তনের আভাস, আসছেন বিদেশি কোচ!

পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাম্প্রতিক সময়ে দলের ধারাবাহিক ব্যর্থতার কারণে প্রধান কোচের পদে বিদেশি কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে বোর্ড।

শুক্রবার (৩০ অক্টোবর) পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সাবেক টেস্ট পেসার ওয়াহাব রিয়াজের তত্ত্বাবধানে নারী দলের প্রত্যাশিত উন্নতি না হওয়ায় নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড। শিগগিরই প্রধান কোচের পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় পিসিবি। গত বছরের নভেম্বরে তৎকালীন প্রধান কোচ মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে দেওয়ার পর ডিসেম্বর থেকে নারী দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ওয়াহাব রিয়াজ। তবে সাম্প্রতিক নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজে দলের পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাঁর দায়িত্বে পরিবর্তন আসছে।

২০২৮ সালে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান। ঘরের মাঠে এই বড় টুর্নামেন্টকে সামনে রেখে একটি শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ে তুলতে চায় পিসিবি। সে লক্ষ্যেই পর্যাপ্ত সময় হাতে রেখে বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে।

উল্লেখ্য, পাকিস্তান নারী ক্রিকেট দলের কোচের পদে অতীতেও একাধিকবার পরিবর্তন এনেছে বোর্ড। তবে ডেভিড হেম্প ও মার্ক কোলসের মতো বিদেশি কোচের অধীনে দলটি বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল।

২০২০ সাল থেকে এখন পর্যন্ত পাকিস্তান নারী দলে অন্তত ছয়জন ভিন্ন কোচ দায়িত্ব পালন করেছেন। এবার নতুন বিদেশি কোচের অধীনে দল কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

ক্যাটাগরি