এশিয়ান গেমসে সপ্তম হওয়ায় ভারতের টুর্নামেন্টে সুযোগ পেল বাংলাদেশ
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাকিস্তানের পরিবর্তে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর ভারতের পাঞ্জাবে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
সম্প্রতি জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ সপ্তম স্থান অর্জন করে। এর ফলে এশিয়ান হকি ফেডারেশনের নিয়ম অনুযায়ী ভারতের মাটিতে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, এশিয়ান গেমস চলাকালে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। পরে এশিয়ান হকি ফেডারেশন থেকে বাংলাদেশ হকি ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে ই-মেইল করে জানানো হয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে।
এশিয়ান গেমস শেষে বাংলাদেশ দলের জার্মান কোচ পিটার নিজ দেশে ফিরে গেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ও কোচ নিয়োগ নিয়ে শনিবার সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
ফেডারেশনের যুগ্ম সম্পাদক বলেন, শনিবার প্রথম বিভাগ হকি লিগ শুরু হবে। ওই দিন ফেডারেশনের অনেক কর্মকর্তা উপস্থিত থাকবেন। সেদিনই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প ও কোচ নিয়ে আলোচনা হবে। বড় দলগুলোর অংশগ্রহণ থাকায় এই টুর্নামেন্টের জন্য অভিজ্ঞ ও মানসম্পন্ন কোচ প্রয়োজন।
এবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ভারত ছাড়াও দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন ও জাপান অংশ নেবে। ভারত-পাকিস্তান বৈরিতার কারণে পাকিস্তান টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। তাদের পরিবর্তে রিজার্ভ দল হিসেবে বাংলাদেশকে নেওয়া হয়েছে।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়েছিল। সেবার বাংলাদেশ ছিল আয়োজক দেশ।