আলোকস্বল্পতায় খেলা বন্ধ, হতাশ ওয়েস্ট ইন্ডিজ
মিরপুর টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বুধবার (২৮ অক্টোবর) দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে টাইগাররা। তবে আলোকস্বল্পতার কারণে শেষ সেশনে খেলা বন্ধ হয়ে যাওয়ায় হতাশ ওয়েস্ট ইন্ডিজ দল।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ক্যারিবীয় দলের প্রতিনিধি হিসেবে কথা বলেন স্পিনার জোমেল ওয়ারিকান। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।
ওয়ারিকান বলেন, ‘আলোকস্বল্পতার কারণে যখনই খেলা বন্ধ করা হয়, তখন আমরা সবাই হতাশ হয়ে পড়ি। কারণ, আমরা খেলাটা চালিয়ে যেতে চেয়েছিলাম এবং নিজেদের জন্য সুযোগ তৈরি করতে চেয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘লিটন ক্রিজে এসেছিল। আমরা চেয়েছিলাম উইকেট নিতে। এটা অবশ্যই হতাশাজনক ছিল। তবে এসব ক্রিকেটেরই অংশ। পেশাদার ক্রিকেটার হিসেবে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতেই হবে।’
নিজেদের বোলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ওয়ারিকান বলেন, শুরুতে জেডন সিলস ও শামার জোসেফ বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। উপমহাদেশের কন্ডিশনে তাঁদের বোলিং ছিল দারুণ। তাঁরা ভালো একটি ভিত্তি তৈরি করে দিয়েছেন। পরে জশুয়া ও রোস্টন রান আটকে রাখার চেষ্টা করেছেন।
নিজের ভূমিকা সম্পর্কে ওয়ারিকান বলেন, তিনি নিজের দায়িত্ব বুঝে সে অনুযায়ী বোলিং করার চেষ্টা করেছেন এবং প্রথম দিনে তা করতে পেরেছেন।
মিরপুরের উইকেট সম্পর্কে এই স্পিনার বলেন, উইকেটে আর্দ্রতা রয়েছে। তবে তাঁরা প্রত্যাশা অনুযায়ী বেশি উইকেট নিতে পারেননি। বোলিংয়ে শৃঙ্খলা ধরে রাখার চেষ্টা করেছেন তাঁরা। পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ উইকেটগুলো তুলে নেওয়াই তাঁদের লক্ষ্য।