৩৮ রানে অলআউট সিলেট, সেঞ্চুরি তাকরিরের
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সেকেন্ড ইলেভেনের নতুন তিন দিনের ফরম্যাটের প্রথম দিনেই দেখা গেছে ব্যাট-বলের দাপট। বিকেএসপিতে ব্যাটারদের কঠিন পরীক্ষার বিপরীতে পূর্বাচলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন চট্টগ্রামের ক্রিকেটাররা।
উদ্বোধনী দিনে লজ্জার রেকর্ড গড়েছে সিলেট। বিকেএসপির তিন নম্বর মাঠে মাত্র ২২ ওভার ২ বল ব্যাট করে ৩৮ রানে অলআউট হয়েছে দলটি। রংপুরের আরিফ আহমেদ অনিক নিয়েছেন তিন উইকেট। জবাবে রংপুর দিন শেষে ৬ উইকেটে ১২৮ রান করেছে।
পূর্বাচলে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই ৬ উইকেটে ৩৩৭ রান করেছে চট্টগ্রাম। দলের হয়ে ১৯৭ বলে ১৫ চার ও এক ছক্কায় ১১৬ রানের দারুণ ইনিংস খেলেছেন ইরফান সাবরি তাকরির। শাহরিয়ার আহমেদ করেছেন ৭৩ রান। দিন শেষে শামীম মিয়া ৬৭ রানে অপরাজিত ছিলেন।
বিকেএসপির দুই নম্বর মাঠে ঢাকা ১৪৩ রানে অলআউট হয়। খুলনার বোলার রবিউল ইসলাম রবি ৫০ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। জবাবে খুলনা দিন শেষে ৩ উইকেটে ১১৮ রান করেছে।
বিকেএসপির চার নম্বর মাঠেও বোলারদের দাপট দেখা গেছে। টস হেরে ব্যাট করতে নেমে ১৩৭ রানে অলআউট হয় ময়মনসিংহ। রাজশাহীর নাঈম ইসলাম জুনিয়র মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। জবাবে রাজশাহী দিন শেষে ৩ উইকেটে ১২৫ রান করেছে। ওপেনার ইমন আলী করেছেন ৫৬ রান।