| | |

সারাদেশ

মুরাদপুরে পুলিশ বক্সে আগুন, ১৫ মামলার আসামি রাজু গ্রেপ্তার

 

চট্টগ্রাম নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মো. রাজু (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত আড়াইটার দিকে হাটহাজারীর আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার রাজু কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম মহানগর শাখার কর্মী। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি-মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) আমিনুর রশিদ।

পাঁচলাইশ মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত পৌনে একটার দিকে মুরাদপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও মানুষের জীবন বিপন্ন করার উদ্দেশ্যে পুলিশ বক্সটিতে আগুন দিয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনাস্থল থেকে একটি নীল রঙের দুই লিটারের খালি কোমল পানীয়ের বোতল, ‘FOSSIL EP-140 Gear Oil’ লেখা দুটি রুপালি রঙের বোতল এবং আংশিক পুড়ে যাওয়া একটি পুরোনো পাপস উদ্ধার করে জব্দ করে পুলিশ।

এ ঘটনায় ১৮ নভেম্বর পাঁচলাইশ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬, ৮, ৯, ১০ ও ১২ ধারায় মামলা করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম মামলাটির বাদী।

মামলার তদন্তে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে হাটহাজারীর আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় তার জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

পুলিশের দাখিল করা প্রতিবেদনে রাজুর বিরুদ্ধে খুলশী, পাঁচলাইশ ও কোতোয়ালী থানায় করা ১৫টি মামলার তথ্য উল্লেখ করা হয়েছে। এসব মামলায় হত্যা, ডাকাতি, অস্ত্র, ছিনতাই, মারামারি, সরকারি কাজে বাধা এবং সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগ রয়েছে।

মামলাটি তদন্তাধীন থাকায় তদন্তের স্বার্থে রাজুকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে ২১ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে প্রতিবেদন দাখিল করেছেন পাঁচলাইশ মডেল থানার এসআই ফারুক আহমদ।

ক্যাটাগরি