| | |

সারাদেশ

যুদ্ধ ও জাহাজ সংকটে বাড়ছে এলপিজির দাম: লোয়াব

যুদ্ধ ও জাহাজ সংকটে বাড়ছে এলপিজির দাম: লোয়াব

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং এলপিজি পরিবহনে জাহাজ সংকটের কারণে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে বলে দাবি করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংগঠনটির সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বারের সই করা এক বিবৃতিতে এসব কারণ তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ওই অঞ্চল থেকে এলপিজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ফলে বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্র থেকে গ্যাস আমদানি করতে হচ্ছে। এতে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেওয়ার পাশাপাশি জাহাজভাড়াও বেড়েছে।

লোয়াবের তথ্য অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মোট মূল্যের প্রায় ৮০ শতাংশ নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনা ও দেশে আমদানির ব্যয়ের ওপর। বাকি ২০ শতাংশের মধ্যে রয়েছে ভ্যাট-কর, সিলিন্ডারে গ্যাস ভরা, স্থানীয় পরিবহন, মুনাফা এবং ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও এর প্রভাব পড়ে।

সংগঠনটির দেওয়া তথ্য বলছে, ২০২৫ সালে সৌদি আরামকোর এলপিজির কন্ট্রাক্ট প্রাইস (সিপি) প্রতি টন গড়ে ৫৫২ ডলার ছিল। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬ ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে কাঁচামালের দাম বেড়েছে প্রায় ২১ শতাংশ। চলতি বছরের নভেম্বরে প্রোপেনের সিপি প্রতি টন ৭২০ ডলার এবং বিউটেনের ৭৮০ ডলার নির্ধারিত হয়েছে। ৩৫:৬৫ অনুপাতে এ দুটির গড় মূল্য দাঁড়িয়েছে প্রায় ৭৫৯ ডলার।

বিবৃতিতে আরও বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতি কেজি এলপিজির নির্ধারিত মূল্য ছিল ১১৩ টাকা। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সায়।

এলপিজির দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে উল্লেখ করেছে লোয়াব। সংগঠনটির দাবি, যুদ্ধের কারণে হরমুজ প্রণালি ও বাব-এল-মান্দেব নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। এতে প্রচলিত সরবরাহ চুক্তি বাতিল ও অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে দেশের এলপিজি চাহিদার প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে।

লোয়াবের দাবি, যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে এলপিজি আনতে হচ্ছে। একই সময়ে বিশ্বজুড়ে এলপিজি পরিবহনের বিশেষায়িত জাহাজের সংকট তৈরি হয়েছে। এতে পণ্যের দাম ও জাহাজভাড়া বেড়ে আমদানি ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় আমদানিকারকদের ব্যয়ও বেড়েছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের এলপিজির দামের পার্থক্যের কারণ ব্যাখ্যা করে সংগঠনটি জানায়, ভারতে সমুদ্রবন্দরের পর্যাপ্ত গভীরতা থাকায় বড় জাহাজ সরাসরি জেটিতে ভিড়ে দ্রুত গ্যাস খালাস করতে পারে। কিন্তু বাংলাদেশে বন্দরের পানির গভীরতা পর্যাপ্ত না হওয়ায় গভীর সমুদ্রে ছোট জাহাজের মাধ্যমে লাইটারিং করে গ্যাস খালাস করতে হয়। এতে প্রায় ২৫ দিন সময় লাগে। একটি বড় জাহাজ পরিচালনায় দৈনিক প্রায় দুই লাখ ডলার ব্যয় হওয়ায় আমদানি খরচ বেড়ে যায়।

এ ছাড়া ভারতের এলপিজি চাহিদার প্রায় ৫০ শতাংশ দেশটির নিজস্ব শোধনাগারে উৎপাদিত হয়। দেশটির বাজার বাংলাদেশের তুলনায় প্রায় ২০ গুণ বড় হওয়ায় একসঙ্গে বেশি পরিমাণ গ্যাস আমদানি করে তারা পাইকারি ছাড় ও জাহাজ ব্যবহারে সুবিধা পায়। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরে ভারত সরকার এলপিজি খাতে প্রায় ৩০ হাজার কোটি রুপি ভর্তুকি দিচ্ছে। বিপরীতে বাংলাদেশে এ খাতে কোনো সরকারি ভর্তুকি নেই বলে দাবি করেছে লোয়াব।

দেশে এলপিজির আমদানি ব্যয় কমাতে মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। তাদের মতে, সরকারি উদ্যোগে অথবা সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে এ ধরনের টার্মিনাল নির্মাণ করা হলে আমদানি ও পরিচালন ব্যয় কমবে। এর ইতিবাচক প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ের দামেও।

এদিকে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে অপারেটর ও পরিবেশকদের নির্দেশনা দিয়েছে লোয়াব। বিবৃতিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা ও সতর্কবার্তা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের আওতাধীন সব অপারেটর ও পরিবেশককে নির্ধারিত দামে বিক্রি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করলে সংশ্লিষ্ট অসাধু চক্র ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ক্যাটাগরি