পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার পুরোনো দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। এবার পরীমনির সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন অপু বিশ্বাস। তিনি দাবি করেছেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ।
সাম্প্রতিক সময়ে পরীমনিকে নিয়ে অপুর একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়। এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা পরীমনির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করলে অপু বলেন, শিল্পীদের সব সময় গোছানো জীবনযাপন করা উচিত। তবে অপুর এই মন্তব্য ভালোভাবে নেননি পরীমনি।
এরপর ফেসবুক লাইভে এসে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে নিজের মতামত তুলে ধরেন অপু। তিনি বলেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় দেওয়ার বিষয়েও আপত্তি জানান তিনি।
অপুর সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে কটাক্ষ করেন পরীমনি। সেখানে অপু বিশ্বাসকে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন তিনি।
এবার একটি অনুষ্ঠানে গিয়ে পরীমনির নাম উল্লেখ না করেই কড়া জবাব দিয়েছেন অপু বিশ্বাস। পরীমনির সিনেমার ক্যারিয়ার নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘যার ২৫টি সিনেমার মধ্যে ২০টি সিনেমাই ফ্লপ, পাঁচটি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
অপুর এমন মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন পরীমনিও। সেখানেও সরাসরি নাম উল্লেখ না করে অপুকে ইঙ্গিত করে কটাক্ষ করেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী।
দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে কাদা ছোড়াছুড়ি নিয়ে শোবিজ অঙ্গনের অনেকেই সমালোচনা করছেন। তাদের মতে, কাজের বাইরে তারকাদের এমন ব্যক্তিগত বিরোধ দেশের চলচ্চিত্রশিল্পের বর্তমান সংকটের চিত্রকেই সামনে নিয়ে আসছে।