হাটহাজারীতে প্রাইভেট কারের ধাক্কায় খাদে দুই অটোরিকশা, শিশুসহ আহত ১০
হাটহাজারীতে প্রাইভেট কারের ধাক্কায় খাদে দুই অটোরিকশা, শিশুসহ আহত ১০
চারজনের অবস্থা গুরুতর, চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে
চট্টগ্রামের হাটহাজারীতে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় তিন বছরের শিশুসহ ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার (চট্টমেট্রো-গ-১৩-৯৯৩০) চারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় দুই অটোরিকশার ১০ যাত্রী আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাহাত (২০), নাদিয়া (৩), সাদিয়া (১১) ও রিংকু (২২)-এর অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্য আহত ব্যক্তিরা হলেন সিদরাতুল মুনতাহা (১৪), শামীমা আক্তার (৩৪), শাহাউদ্দিন (৫১), নাঈম (২৬), বাদশা সওদাগর (৭৬) এবং অটোরিকশাচালক ফয়সাল (৩২)। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত সিদরাতুল মুনতাহা জানান, পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চোখের চিকিৎসা শেষে ফটিকছড়ির ভূজপুর থানার নিজ বাড়িতে ফিরছিলেন তাঁরা। পথে চারিয়া এলাকায় একটি প্রাইভেট কার তাঁদের অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে তাঁরা আহত হন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরুজা খাতুন বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে যাঁদের আঘাত গুরুতর, তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।