তানিয়া বৃষ্টি বাঁচবে ৫ বছর
মস্তিষ্কে টিউমার, অস্ত্রোপচার, রেডিওথেরাপি ও লাইফ সাপোর্ট—গত প্রায় ১০ মাস ধরে জীবনের কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে গেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে গিয়ে এক চিকিৎসক তাঁকে জানিয়েছিলেন, তাঁর আয়ু হয়তো আর সাড়ে চার থেকে পাঁচ বছর। তবে সব প্রতিকূলতা পেরিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতা, চিকিৎসার অভিজ্ঞতা এবং অভিনয়ে ফেরার অনুভূতি নিয়ে কথা বলেছেন তানিয়া বৃষ্টি।
অভিনেত্রী জানান, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। প্রায় ১০ মাস পর আবার স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া, হালকা ব্যায়াম এবং পরিবারের সঙ্গে হাসিখুশি সময় কাটাতে পারছেন।
তবে অস্ত্রোপচারের পর মাথার ডান পাশে জটিলতা, মাথা ঘোরা, বমি ও শারীরিক দুর্বলতায় ভুগেছেন তিনি। রেডিওথেরাপির কঠিন ধাপ পার করে এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।
দীর্ঘ বিরতির পর ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন তানিয়া। এতে তিনি ‘সুমি’ চরিত্রে অভিনয় করছেন।
চিকিৎসকদের প্রাথমিক আপত্তি থাকলেও মানসিকভাবে ভালো থাকার জন্য শুটিংয়ে ফেরার অনুমতি চান তিনি। বর্তমানে তাঁর আরও দুই মাসের কেমোথেরাপি বাকি রয়েছে। চিকিৎসা শেষ হলে এমআরআই ও সিটি স্ক্যানের মাধ্যমে টিউমারের অবস্থা পুনরায় পরীক্ষা করা হবে।
তানিয়ার অসুস্থতার শুরু গত বছরের ডিসেম্বরে। একটি নাটকের শুটিং চলাকালে হঠাৎ তীব্র মাথাব্যথা শুরু হয়। টানা চার দিন ব্যথা নিয়েই কাজ করেন। পঞ্চম দিনে বমি শুরু হলে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। পরদিন পরীক্ষায় মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।
পরবর্তী সময়ে ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একজন অনকোলজিস্টের কাছ থেকে নিজের আয়ু নিয়ে উদ্বেগজনক পূর্বাভাস শুনেছিলেন তিনি।
প্রথম অস্ত্রোপচারের আগে পরিবারের সদস্য ও সহকর্মীদের সঙ্গে অনেকটা বিদায়ের মতো কথা বলেছিলেন অভিনেত্রী। দ্বিতীয় অস্ত্রোপচারের সময় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখতে হয়।
এই কঠিন সময়ে মায়ের সেবা, পরিবারের ভালোবাসা এবং সহকর্মীদের সহযোগিতা তাঁকে মানসিক শক্তি জুগিয়েছে। মোশাররফ করিম, নিলয় ও প্রযোজক আলী বশীরসহ নাট্যাঙ্গনের অনেকেই নিয়মিত তাঁর খোঁজখবর নিয়েছেন।
অসুস্থতার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া গুজবও পেছনে ফেলেছেন তানিয়া। এখন নতুন উদ্যমে অভিনয়জীবন এগিয়ে নিতে চান তিনি।
জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশে তানিয়ার পরামর্শ, রোগের নাম শুনেই মনোবল হারানো উচিত নয়। চিকিৎসকের পরামর্শ মেনে চলা, মানসিক শক্তি ধরে রাখা এবং পরিবারের সঙ্গে ইতিবাচক সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।