| | |

বিনোদন

অনেক কিছু দেখেছি, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

শুটিং সেটে মারধরের অভিযোগ এবং পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এ সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেছেন তানজিন তিশা। গত এক বছরে তাঁকে ঘিরে বিভিন্ন বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘অনেক কিছু দেখলাম, একদিন সব সামনে আসবে।’

গত ৪ অক্টোবর দুই অভিনেত্রীকে চিঠি পাঠায় অভিনয়শিল্পী সংঘ। এর আগে গত ৭ জুলাই সদস্যপদ স্থগিতের বিষয়ে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে কেউই ওই নোটিশের জবাব দেননি। দুই পক্ষের বিরোধ মীমাংসায় সংগঠনটি একাধিকবার উদ্যোগ নিলেও সাড়া না পাওয়ায় সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

সদস্যপদ স্থগিতের খবর প্রকাশের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসেন তানজিন তিশা। সেখানে শুটিং সেটের ঘটনা, অভিনয়শিল্পী সংঘের সালিশ বৈঠক এবং সদস্যপদ স্থগিতের কারণসহ বিভিন্ন বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

লাইভে তিশা দাবি করেন, শুটিং সেটে সেদিন কী ঘটেছিল, তা উপস্থিত সবাই দেখেছেন। তিনি বলেন, ‘আমার পাগলের চরিত্র আমি করেছি, সেটা আপনারা দেখেছেন। কোনো কাটছাঁট করা হয়নি। কে আগে ইমপ্রোভাইজ করেছে, কে আগে অ্যাটাক করেছে, কে অ্যাটাক করে নিজেকে নির্যাতিত হিসেবে দাবি করেছে—সেটা আপনারা বুঝতে পারবেন।’

ঘটনার পর অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে দীর্ঘ সময় ধরে দুই পক্ষের বক্তব্য শোনা হয়েছিল বলেও জানান তিশা। সালিশ বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, ‘বলা হয়েছিল, আমরা দুজনই যেন ক্ষমা চেয়ে বিবৃতি দিই এবং একটি ভিডিও বার্তা পাঠাই। সে (সামিয়া অথৈ) ভিডিওটি দেয়নি। আমিও কোনো কারণে দিতে পারিনি। আমি নোটিশ অমান্য করেছি বলে আজ আমাকে সদস্যপদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ প্রকাশের বিষয়েও নিজের মত তুলে ধরেন এই অভিনেত্রী। তাঁর মতে, পেশাগত বিরোধ মীমাংসার পরিবর্তে তা প্রকাশ্যে এনে কাউকে হেয় করা কিংবা তাঁর ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

গত এক বছরে তাঁকে ঘিরে বিভিন্ন বিতর্কের প্রসঙ্গ টেনে তানজিন তিশা বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখলাম, শাড়ি-কাণ্ডও দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি। আট মাস ধরে যত বাধাই আসুক, যা-ই ঘটুক, আমি থেমে নেই। আমি থেমে থাকব না। আমি হাল ছাড়ব না। এত আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতে পারছি, কারণ আমি জানি, আমি ভুল কিছু করিনি।’

ক্যাটাগরি