চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর তিন পুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ব্যবসায়ী জাকির হোসেনের অভিযোগ, জসীমউদ্দীন ওরফে আরমান (৪৫), সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৪০), দিদারুল আলম ওরফে কালুদিদার (৫৫) এবং আবু সালেহ আবিদ (৩৫) এ ঘটনায় জড়িত। এ ছাড়া আরও ৬ থেকে ৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হামলায় অংশ নেন বলে অভিযোগ করেছেন তিনি।
ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, আগে থেকেই ওত পেতে থাকা হামলাকারীরা জাকির হোসেনের পথরোধ করে তাঁর কাছ থেকে ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাঁকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাঁকে মৃত ভেবে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এক পথচারী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যবসায়ীকে দেখতে যান রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি বলেন, জাকির হোসেন একজন সৎ ও সহজ-সরল ব্যবসায়ী। তাঁর ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও বিষয়টি পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, আহত জাকির হোসেন রিয়াজউদ্দিন বাজার শ্রমিকদলের সহসভাপতি। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।