অচলাবস্থা কাটিয়ে আংশিকভাবে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম
দীর্ঘ ৩৬ দিন স্থবির থাকার পর অবশেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একাডেমিক কার্যক্রম আংশিকভাবে শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হয় এবং সকাল ১১টা পর্যন্ত চলে।
বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের মধ্যে সরেজমিনে দেখা গেছে, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়নি।
বিভাগটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ তালবী জানান, স্বল্পসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রুটিন অনুযায়ী ল্যাব ক্লাস থাকার কথা থাকলেও শিক্ষার্থীদের সিদ্ধান্তে সেটি স্থগিত করা হয়েছে।
বিভাগীয় প্রধান ফৌজিয়া গুলশানা রশিদ লোপা জানান, ২০২১, ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।
অন্যদিকে, ক্লাস শুরু হলেও উপাচার্যকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান হয়নি। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের বক্তব্য, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আন্দোলনও চলবে।
এদিকে সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে। দুপুরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই প্রতিবাদ শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। পরদিন থেকে শুরু হয় কমপ্লিট শাটডাউন। নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যায়।