আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই ফটিকছড়িতে এসেছিলেন তারেক রহমান: সরোয়ার আলমগীর
বিগত নির্বাচনে আলেম-ওলামাদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
শুক্রবার (২৩ অক্টোবর) ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল আরাবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার ১১৬তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, বর্তমান তারেক রহমান সরকার দেশের আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, ফটিকছড়িকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে আলেম-ওলামাদের সহযোগিতা প্রয়োজন। এ জন্য তিনি তাঁদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আল-জামিয়াতুল আরাবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে মাহফিলে গুরুত্বপূর্ণ হেদায়াতি বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামি বক্তা মুফতি রেজাউল করিম আবরার ও হেফাজত নেতা মুফতি হারুন ইজহারসহ চট্টগ্রামের বিভিন্ন কওমি মাদ্রাসার মুহতামিমরা।
শতবর্ষী এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক মাহফিল উপলক্ষে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, দেশের বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।