চোরাই রাবারের খবর প্রকাশ, ফটিকছড়িতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
চোরাই রাবার উদ্ধারের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রামের ফটিকছড়িতে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা মো. জাহেদুল ইসলামের বিরুদ্ধে।
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ভূজপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক সাঙ্গুর ফটিকছড়ি উত্তর উপজেলার নিজস্ব প্রতিনিধি আজগর সালেহী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তিনি এ জিডি করেন।
জাহেদুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু তৈয়বের সহযোগী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
জিডি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর চট্টগ্রাম নগরে পাচারের সময় একটি কাভার্ডভ্যান থেকে প্রায় সাড়ে চার হাজার কেজি চোরাই রাবার উদ্ধার করে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। পরে ভূজপুর থানায় চুরির মামলা করা হয়।
এ ঘটনায় দৈনিক সাঙ্গুতে সংবাদ প্রকাশ করেন আজগর সালেহী। তাঁর অভিযোগ, ওই সংবাদ প্রকাশের জেরে ২১ অক্টোবর রাত ১০টা ১২ মিনিট ও ১০টা ১৪ মিনিটে ০১৭৭৭৪০৭৭৭৭ নম্বর থেকে তাঁকে হোয়াটসঅ্যাপে ফোন করা হয়। এ সময় তাঁকে তুলে নিয়ে হত্যা এবং মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়।
জিডিতে আজগর সালেহী উল্লেখ করেন, ফোনে ওই ব্যক্তি নিজেকে আবু তৈয়বের অনুসারী হিসেবে পরিচয় দেন এবং তাঁদের একটি সংঘবদ্ধ বাহিনী রয়েছে বলে দাবি করেন। ভবিষ্যতে সংবাদ সংগ্রহের কাজে উত্তর ফটিকছড়িতে গেলে তাঁকে তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত জাহেদুল ইসলাম ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাসিন্দা। তিনি মো. রফিকের ছেলে।
আজগর সালেহী বলেন, পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের কারণে এ ধরনের হুমকি তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রেও শঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. লিটন মিয়া বলেন, জিডিটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।