| | |

চট্টগ্রাম

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে অনুমতি ছাড়া অবৈধভাবে টিলা শ্রেণির জমি কাটার দায়ে ইরতিসাম কালাম ইরসাল (২৩) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার পাইন্দং ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি কাটা বন্ধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। এ সময় ফটিকছড়ি থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এ টি এম শওকত হোসেনের ছেলে ইরতিসাম কালাম ইরসাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে টিলা কেটে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনুমতি ছাড়া আর কখনো মাটি কাটবেন না মর্মে তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অবৈধ বালু ও মাটি কাটা বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাটাগরি