| | |

চট্টগ্রাম

এক মাস ধরে বন্ধ হাজী সোনা মিয়া সড়ক, দুর্ভোগে এলাকাবাসী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজী সোনা মিয়া সড়ক এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনেও সড়কটি সচল না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেহাল অবস্থার কারণে বর্তমানে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এতে দৈনন্দিন কাজসহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন তাঁরা। দীর্ঘ সময় ধরে সড়কটি বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে এলাকার স্বাভাবিক যোগাযোগব্যবস্থা।

এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও সড়কটি চলাচলের উপযোগী না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের প্রশ্ন, জনসাধারণের দুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কার ও যান চলাচল স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ চান তাঁরা।

এ অবস্থায় দুর্ভোগ নিরসনে হাটহাজারী আসনের সংসদ সদস্য ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে হাটহাজারী উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রতিমন্ত্রীর উদ্যোগ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপে হাজী সোনা মিয়া সড়কের দুরবস্থা দূর হবে। দ্রুত সড়কটি সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন তাঁরা।

ক্যাটাগরি