ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান, মজুদও ছাড়বে না
যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না ইরান। একই সঙ্গে দেশটির মজুত করা ইউরেনিয়ামও অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করা হবে না বলে জানিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ ও মজুত করা ইরানের বৈধ অধিকার। শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম পরিচালনার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজনীয় এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) মেনেই এ কার্যক্রম পরিচালনা করছে তেহরান।
মোহাম্মদ ইসলামি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি আবারও আলোচনায় আনা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার এজেন্ডায় এটি রাখার কথা বলা হচ্ছে। তবে পারমাণবিক কার্যক্রমের ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি অবিচ্ছেদ্য অংশ।
যুক্তরাষ্ট্রও পারমাণবিক প্রযুক্তিকে গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি বলেন, দেশটি তাদের জাতীয় উন্নয়ন, নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়েছে। তাই ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিগুলোকে তিনি ‘প্রতারণা ও মিথ্যা’ বলে মন্তব্য করেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি ও ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হবে না। যুদ্ধের সময় ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করেও একাধিক হামলা চালানো হয়।
তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই।