মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ট্রাম্প
শ্রেণিকক্ষ, শিক্ষকের অপ্রতুলতা ও শিক্ষাখাতে অর্থায়ন কমিয়ে দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে গত দুই সপ্তাহ ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ অক্টোবর) আন্দোলন আরও তীব্র হয়েছে। দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থীরা সড়কে নেমে প্রায় দুই হাজার স্কুল ব্লকেড করেছেন।
তবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে। ব্যাপক হারে অভিবাসীদের আসার সুযোগ দেওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ফ্রান্সে যা হচ্ছে তা ব্যাপক অভিবাসনের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তার দাবি, এটি শুধু স্কুলের বিষয় নয়, বরং ইসলামের বিষয়, যা ফ্রান্স দখলের চেষ্টা করছে।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফরাসি সরকার। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুরমু শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেওয়ার ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে শ্রেণিকক্ষে অনুপস্থিত শিক্ষকদের বাদ দেওয়া, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ সময় ক্লাস চলার বিষয়টি পর্যালোচনা এবং দুপুরের খাবারের জন্য আরও বেশি সময় দেওয়া।
এ ছাড়া পুরোনো স্কুলগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে সংস্কারের উদ্যোগ নেওয়া এবং শিক্ষাখাতে বাজেট কমানোর পরিকল্পনা থেকে সরে আসার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।