নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির আহবায়ক ডা. ইব্রাহীম, সচিব হাসানুল কবির
উত্তর চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র নাজিরহাট বাজারের ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট সংগঠন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতি দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর অবশেষে কার্যকর হতে চলেছে। ব্যবসায়ীদের প্রাণের দাবীর প্রেক্ষিতে অবশেষে সাত সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
এতে প্রবীণ ব্যবসায়ী ডা. মো. ইব্রাহীমকে আহবায়ক এবং ব্যবসায়ী মো. হাসানুল কবিরকে সদস্য সচিব করা হয়। অন্য সদস্যরা হলেন সাংবাদিক এস এম আক্কাছ, মো. জাফর আলম, মো. শাহ জামাল, আনোয়ার হোসেন আজম এবং প্রবাস দে। গঠিত কমিটি তিন মাসের মধ্যে গঠনতন্ত্র মেনে নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করবেন।
এই সংক্রান্ত সভা গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও সমিতির সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন চৌধুরী। এতে ব্যবসায়ী নেতা মো. মোকাম্মেল হক চৌধুরী, সাংবাদিক এস এম আক্কাছ, আনোয়ার হোসেন আজম, মো. শাহ জামাল, সিরাজুদ্দৌলাহ দুলাল, মো. হাসানুল কবির, মো. হুমায়ুন রশীদ, মো. সোলাইমান প্রমুখ বক্তব্য দেন। পরে সর্ব সম্মতিক্রমে বিগত কমিটি বিলুপ্ত করা হয়।
সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। ব্যবসায়ীদের মধ্যকার বিভেদ দূর করে দ্রুত উন্নয়নে মনোযোগী হবার আহবান জানানো হয়।
উপস্থিত ব্যবসায়ীরা আশা করেন, গঠিত আহবায়ক কমিটি বাজারের ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে এবং গঠনতন্ত্র মেনে তারা সামনে বিভিন্ন সমস্যা মোকাবেল করবে।
এদিকে, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েই বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্যের সাথে দেখা করেন। এসময় তারা ফুল দিয়ে দুই কর্মকর্তাকে অভিনন্দন এবং ব্যবসায়ীদের যে কোনো সমস্যা-সমাধানে তারা পাশে থাকার আশা ব্যক্ত করেন।
এসময় ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘নাজিরহাট উপজেলার প্রবেশদ্বার ঐতিহ্যবাহী বাজার। একটি আদর্শ সমিতির সাথে তার প্রশাসন সবসময় আছে এবং থাকবে। বাজারের উন্নয়নে উপজেলা প্রশাসন সর্বাত্মক দিয়ে কাজ করবে।’