দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ জন্য ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সরকারের দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার বিষয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের পর সরকারের পক্ষ থেকে এসব বক্তব্য এসেছে। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে রয়টার্স জানায়, শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় পতাকাবাহী উড়োজাহাজে দেশে ফিরতে চান। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।
তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক বিষয় নয়। তাঁকে সাধারণ যাত্রীর মতো নয়, বরং দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই দেশে ফিরতে হবে।
হাতকড়া পরেই ফিরতে হবে: হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী ও পলাতক আসামি। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে হাতকড়া পরিয়ে এবং কঠোর নজরদারিতে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।
শেখ হাসিনার জন্য উড়োজাহাজ পাঠানোর অনুরোধের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ এ ধরনের কোনো বিভ্রান্তিকর অনুরোধ আমলে নেবে না।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, ১৬ ডিসেম্বর দেশে ফেরার আকাঙ্ক্ষা আর বাস্তবতা এক নয়। কেউ নিজের ইচ্ছামতো দেশে ফেরার স্বপ্ন দেখতে পারেন, কিন্তু শেখ হাসিনা কোনো সাধারণ যাত্রী নন। তাঁকে হাতকড়া পরিয়ে কিংবা বিচারের মুখোমুখি করার জন্যই দেশে ফিরিয়ে আনা হবে।
যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে শেখ হাসিনা গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাসহ পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে তাঁদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। তাঁদের কারাগারে যেতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না।
শেখ হাসিনাকে দেশে আনতে উড়োজাহাজ, হেলিকপ্টার, বাস কিংবা অন্য কোনো যান পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কারও আলোচনা হয়নি বলেও জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের যেকোনোটিতে গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো সুবিধা দিতে সরকার বাধ্য নয়।
ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে জানিয়ে তিনি বলেন, জুলাই-আগস্টে হত্যাকাণ্ড, গুম ও সহিংসতায় জড়িত এবং সাজাপ্রাপ্ত হয়ে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করা ব্যক্তিদের ফিরিয়ে আনার উদ্যোগ রয়েছে।
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছাকে রাজনৈতিক স্টান্টবাজি উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, তিনি দেশে এলে গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যর্পণে আইনি বাধা নেই: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা হচ্ছে না। তাঁকে হস্তান্তরের বিষয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান এবং বাংলাদেশ তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনতে চায়। ফলে তাঁকে ফেরানোর ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, ভারতের বিমানে নাকি অন্য কোনো উপায়ে দেশে ফিরবেন, সেটি আলোচনার বিষয় নয়। কীভাবে তাঁকে হস্তান্তর করা হবে, সে বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে।
উড়োজাহাজ চাওয়ার ঘটনা বিরল: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির জন্য উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল।
মঙ্গলবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার দাবি হাস্যকর ও গ্রহণযোগ্য নয়।
বিদেশে অবস্থান করে পলাতক আসামিদের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের ভূখণ্ডের বাইরে তারা কী করছে, তা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সামনে আসছে।
আসামিদের দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, প্রয়োজন হলে বিচারের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় আসতে পারে।