| | |

আইন-আদালত

স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালতে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান।

দুদক সূত্র জানায়, তদন্তে শাহীন আক্তার চৌধুরী তার স্বামী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সহায়তায় পারস্পরিক যোগসাজশে ২ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৭৬ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার প্রমাণ পাওয়া গেছে।

এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি দায়ের করা মামলায় অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ২ কোটি ৬ লাখ ৩০ হাজার ১০ টাকা উল্লেখ করা হয়েছিল। তদন্তে সেই সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৭৬ টাকায়।

এ ছাড়া অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৮৮ টাকা ৯৩ পয়সার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। পরবর্তী সময়ে এসব অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগও তদন্তে উঠে এসেছে।

এসব অভিযোগের ভিত্তিতে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

ক্যাটাগরি