পাহাড়তলীতে চাঁদা দাবির প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা, ২৪ ঘণ্টায় আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে চাঁদা দাবির প্রতিবাদ করায় সাজ্জাদ হোসেন মাসুম (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে পাহাড়তলী থানার ইস্পাহানি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মো. আবুল হোসেন আজিম (৩০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে পাহাড়তলী থানার একেখাঁন মোড়ের জাকির হোসেন রোড এলাকায় সাজ্জাদের বন্ধু সিএনজিচালক শাহাদাত হোসেনের কাছে একদল দুর্বৃত্ত এক হাজার টাকা চাঁদা দাবি করে। শাহাদাত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে।
এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার পথে বন্ধুকে আক্রান্ত হতে দেখে প্রতিবাদ করেন সাজ্জাদ। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাঁর বুকের ডান পাশে ও পেটের বাম পাশে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ নভেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে সাজ্জাদের মৃত্যু হয়।
নিহত সাজ্জাদ হোসেন মাসুম নগরের আকবর শাহ থানার ফিরোজশাহ এলাকার মাহবুব আলমের ছেলে।
এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে ১৯ নভেম্বর পাহাড়তলী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
র্যাব-৭ জানায়, ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মামলার পাঁচ নম্বর এজাহারনামীয় আসামি আবুল হোসেন আজিমের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আজিম নোয়াখালীর সেনবাগ উপজেলার ঈদুলপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সফিক আহম্মদ।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।