জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ছয় সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এসব ফোন পর্যালোচনা করে ৩৯টি ফেসবুক আইডি ও পেজের সন্ধান পেয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন প্রকাশ জামাই ইয়াসিন, আবদুর শুক্কুর, পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, সাকিবুল হাসান ও আনোয়ার হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এসআরবি সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে আবদুর শুক্কুর ইয়াসিনের দ্বিতীয় প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, আলিনগর বহুমুখী সমবায় সমিতিসহ বিভিন্ন ফেসবুক পেজ, ভুয়া আইডি ও ইউটিউব ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হতো।
তিনি বলেন, সমন্বিতভাবে লাইক, কমেন্ট ও শেয়ার এবং অর্থের বিনিময়ে পোস্ট বুস্ট করে এসব প্রচারণা ছড়িয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে।
উদ্ধার করা মুঠোফোনগুলোর ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি চলছে। অপপ্রচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি ও অর্থায়নকারীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।