| | |

জাতীয়

৩০ হাজার টাকা মজুরির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, আহত ৩

সাভারের আশুলিয়ার জিরাবো ও নিশ্চিন্তপুর এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে তিন নারী শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। পরিস্থিতির কারণে আশপাশের আরও তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে নিউ এইজ গ্রুপের তিনটি কারখানার প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করেন। পরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেন তারা। পরিস্থিতি বিবেচনায় সকাল ৮টা ৫০ মিনিটে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

ছুটি ঘোষণার পর শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে গেলেও তাদের একটি অংশ ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটির কাচ ভাঙচুর করেন। পাশাপাশি পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার ফ্যাক্টরিতে হামলার চেষ্টা চালান।

খবর পেয়ে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় আতঙ্কে দৌড়াতে গিয়ে পড়ে তিন নারী শ্রমিক আহত হন।

আহতরা হলেন—কারখানার অপারেটর মোছা. সিরাতুব, মোছা. রেখা ও মোছা. সুইটি। তাদের মধ্যে সিরাতুব মাথায় এবং অপর দুজন পায়ে আঘাত পেয়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পার্শ্ববর্তী অনন্ত গার্মেন্টস, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইন লিমিটেড কর্তৃপক্ষও সাধারণ ছুটি ঘোষণা করে। এসব কারখানার শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কর্মস্থল ত্যাগ করেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বর্তমানে জিরাবো ও নিশ্চিন্তপুর এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ক্যাটাগরি