পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে চালু হচ্ছে সৌরবিদ্যুৎ
ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠন এবং দ্রুত দরপত্র আহ্বালের নির্দেশনা দিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
বুধবার (১৮ নভেম্বর) সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নবিষয়ক মতামত প্রদান কমিটির তৃতীয় (মূলতবি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) পক্ষ থেকে জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা তুলে ধরা হয়। এতে সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে আলোচনা হয়।
বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উৎপাদনক্ষমতা নির্ধারণ, দরপত্র আহ্বান এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।
সভায় সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ও সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠনের প্রস্তাব করা হয়।
এ ছাড়া প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত বিষয় যাচাই-বাছাইয়ের জন্য সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলমকে নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়।
সভায় ডিপিডিসিকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে কারিগরি স্পেসিফিকেশন জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এরপর পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদ সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।