মাথা তুলে দাঁড়ানোর আগেই সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দেবে জনগণ: প্রধানমন্ত্রী
পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী মাথা তুলে দাঁড়ানোর আগেই দেশের গণতান্ত্রিক জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, পোশাকশিল্পের অস্থিরতা, সুষম উন্নয়ন এবং পলাতক অপশক্তির ষড়যন্ত্র নিয়ে কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এভাবে এগিয়ে যেতে পারলে ভবিষ্যতে আর কেউ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। গণতন্ত্র ও সমৃদ্ধি একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র সমৃদ্ধির পথ প্রশস্ত করে, আর সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।
পলাতক ফ্যাসিস্ট চক্রের বিভিন্ন কর্মকাণ্ড এবং দেশের বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিদের ওপর হামলার ঘটনার সমালোচনা করেন সংসদ নেতা। তিনি বলেন, এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা বিদেশে যেখানেই থাকুক, তাদের একটাই পরিচয়—তারা সন্ত্রাসী। তারা কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী গোষ্ঠী।
সাম্প্রতিক সময়ে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া এবং হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।
এসব সন্ত্রাসীকে যারা আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের স্বাধীনতাবিরোধী মনোভাব জনগণের সামনে স্পষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে মানুষকে একটি বিশেষ দেশে চিকিৎসা নিতে বাধ্য করেছিল। একইভাবে গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের শ্রমে গড়ে ওঠা সমৃদ্ধ পোশাকশিল্প ধ্বংস করে অন্য একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, সরকার শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে।
বিদেশে পলাতক সন্ত্রাসী শক্তির উসকানিতে কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন করেন, কারখানা নষ্ট হয়ে গেলে বেতন আসবে কোথা থেকে?
দেশের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণের নির্বাচিত সংসদ ও সরকার একটি নিরাপদ, স্বনির্ভর এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংসদে বিরোধী দলের এক সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অবহেলিত রংপুরের উন্নয়নে সরকারের প্রচেষ্টার বিষয়টি বিরোধী দলের ওই সদস্যের বক্তব্যেই স্পষ্ট হয়েছে। এটি প্রমাণ করে, সরকার সমগ্র বাংলাদেশে সুষম উন্নয়নের জন্য কাজ করছে।