| | |

চট্টগ্রাম

ফটিকছড়িতে রুজির প্রাণ কেড়ে নাছির হলেন আজম, ২২ বছর পর সেই আজমই ধরা পড়লেন নাছির হয়ে!

ফটিকছড়িতে রুজির প্রাণ কেড়ে নাছির হলেন আজম, ২২ বছর পর সেই আজমই ধরা পড়লেন নাছির হয়ে!

চট্টগ্রামের ফটিকছড়িতে রুজি আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো: নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

দীর্ঘদিন ওমানে অবস্থানের পর দেশে ফিরে নিজের পরিচয় পরিবর্তন করে ‘মো: আজম’ নামে বসবাস করছিলেন তিনি। শেষ পর্যন্ত হাটহাজারীর পশ্চিম ধলই নয়াহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার আমির হোসেনের ছেলে।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৫ মে রাতে ফটিকছড়িতে রুজি আক্তার নামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন ১৬ মে তার বসতবাড়ির দক্ষিণ পাশে একটি মান্দারগাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হলেও ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে।

পরে নিহতের বড় ভাই মো:আবু তাহের বাদী হয়ে ২০০৪ সালের ২ জুলাই ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০ ধারায় মামলা করেন।

মামলার তদন্তে উঠে আসে, রুজি আক্তারের প্রতিবেশী আবদুল মান্নান তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও মান্নানের স্বভাব-চরিত্রের কারণে পরিবার রাজি হয়নি।

তদন্ত সূত্রের তথ্য অনুযায়ী, ২০০৪ সালের ১৫ মে রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আবদুল মান্নান ও নাছির তাকে জোরপূর্বক একটি দোকানে নিয়ে ধর্ষণ করেন। পরে বাড়িতে পৌঁছে দেওয়ার পথে আবারও ধর্ষণ করা হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আবু বক্কর ও নুরুল ইসলাম নামে আরও দুজনের সহযোগিতায় মরদেহটি বাড়ির পাশের গাছে ঝুলিয়ে রাখা হয় বলে তদন্তে উঠে আসে।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আদালত মো:নাছিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ সময় ওমানে অবস্থান করেন। পরে দেশে ফিরে নিজের প্রকৃত পরিচয় গোপন করে ‘মো:আজম’ নামে চলাফেরা শুরু করেন।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাছিরের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, রুজি আক্তার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ক্যাটাগরি