জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে বাবা-মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। পরে তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির শীর্ষ নেতাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে শনিবার সকালে সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে একই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার কথা রয়েছে। এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্ধারিত সূচি অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।