| | |

চট্টগ্রাম

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নিশাচর রাজনীতি’! রাতে স্কুলে তালা, ভোরে সড়কে আগুন

 

‘খেলা হবে’—স্লোগানটি যেন ফটিকছড়িতে নতুন রূপ পেল রাতের আঁধারে। শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, দেয়ালে ধর্মঘটের পোস্টার, আর ভোরের আগে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এমন তৎপরতায় দেখা গেল ব্যতিক্রমী ‘নিশাচর রাজনীতি’র চিত্র।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।রাতভর তৎপরতা চালিয়ে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ‘ধর্মঘট’ লেখা পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে সংগঠনটির নেতা-কর্মীদের বিরুদ্ধে।

শুধু তা-ই নয়, ভোরে কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদও করেন তারা।রাতের আঁধারে সংঘটিত এসব ঘটনায় স্থানীয় বিএনপি জামায়াতের নেতা কর্মীদের মধ্যে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায় উপজেলার আমতলী, জাফতনগর, নাজিরহাট, পাইন্দং ও কাঞ্চননগরসহ উপজেলার বিভিন্ন এলাকায়ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতা-কর্মীদের তৎপরতার খবর পাওয়া গেছে।

তালাবদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং দৌলতপুর সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ
মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে কয়েকজন ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ফটকে শিকল পেঁচিয়ে তালা লাগাচ্ছেন। এ সময় ফটকে ‘ধর্মঘট’ লেখা পোস্টারও সাঁটানো হয়। একটি ভিডিওতে হেলমেট পরা এক ব্যক্তিকে তালা লাগাতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব কর্মকাণ্ডে ছাত্রলীগকর্মী মিনহাজ, মুরাদ মাহমুদ ও নেজাম মাহমুদের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে। তবে তাদের সম্পৃক্ততার বিষয়টি এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে মঙ্গলবার ভোরে,পাইন্দং এর আমতল, গহিরা-ফটিকছড়ি সড়কের লেলাং চাড়ালিয়াহাট মোড়ে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক সাফরাজ খান মিরাজ। অন্যদিকে ছাত্রলীগকর্মী আজগর পারভেজের নেতৃত্বে ভূজপুর-কাজিরহাট সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।

গোপন সূত্রের দাবি, নাজিরহাট পৌরসভা এলাকায় এসব কর্মকাণ্ডে রসদ ও সহায়তা জোগাচ্ছেন নেজাম মাহমুদ। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকাতেও মিনহাজ নামের এক ছাত্রলীগকর্মীর নেতৃত্বে টায়ারে জ্বালিয়ে সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।

এ ছাড়া,জাফতনগর,নানুপুর,পাইন্দং ও কাঞ্চনপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর সংগঠনটির নেতা-কর্মীদের অবস্থান ও তৎপরতার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কে এফ সাইমুন। তিনি বলেন, পুলিশের উপস্থিতি ও নজরদারির মধ্যেই চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এর দায় প্রশাসন এড়াতে পারে না।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তার করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি