ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মিছিলে ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া হবে না। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
চবি ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘গত ১৭ বছর লীগের ছেলেরা আমাদের ওপর অত্যাচার করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতির বাড়িতে হামলা করেছে। আমরা তাদের সতর্ক করে দিচ্ছি, এখনো সময় আছে ভালো হয়ে যাও। নইলে পরিণতি ভালো হবে না।’