আগামী বছর থেকে ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আগামী বছর থেকে ইসরায়েলকে আর বার্ষিক সামরিক অর্থ সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলকে বছরে চার বিলিয়ন ডলার করে সামরিক সহায়তা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর চুক্তি হয়েছে, আগামী বছর থেকে এই সহায়তা বন্ধ করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলকে অর্থ সহায়তার বিষয়ে নেতানিয়াহু ও আমি একটি চুক্তি করেছিলাম। এর আওতায় ইসরায়েলকে প্রতিবছর চার বিলিয়ন ডলার করে দেওয়ার কথা ছিল। তবে কয়েক মাস আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই সহায়তা বন্ধ করে দেওয়া হবে। চলতি বছরের শেষ নাগাদ সহায়তা বন্ধের বিষয়ে আমরা সম্মত হয়েছি।’
ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা কেন বন্ধ করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কারণ, তাদের এখন আর এই অর্থের প্রয়োজন নেই। যদি প্রয়োজন হতো, তাহলে আমি সহায়তা চালু রাখার কথা বলতাম।’
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে। বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র সরবরাহের পাশাপাশি সামরিক খাতে আর্থিক সহায়তাও দিয়ে থাকে দেশটি।
ট্রাম্পের এমন বক্তব্যের পর এখন পর্যন্ত ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত তিন বছর ধরে ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অস্ত্র সহায়তা দিয়ে এসেছে।