| | |

চট্টগ্রাম

ফটিকছড়িতে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

 

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মোহাম্মদ ইউছুপ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, ওই স্থাপনা নির্মাণের কারণে ছড়া খালে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরুং মৌজার বিএস ১ নম্বর খতিয়ানের বিএস ৭৬২৩ দাগে ০.১৪০০ একর জমি বাংলাদেশ সরকারের পক্ষে চট্টগ্রামের জেলা প্রশাসকের নামে রেকর্ডভুক্ত রয়েছে। জমিটির পূর্ব পাশে থানা সদর ডাকবাংলো অফিস ও একটি ছড়া খাল রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই সরকারি জমির ০.০০৯৪ একর জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করে দখলে রেখেছেন মোহাম্মদ ইউছুপ। এর ফলে বৃহত্তর বিবিরহাট বাজার ও আশপাশের এলাকার বর্ষার পানি ছড়া খাল দিয়ে চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। ভারী বৃষ্টির সময় এতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে নুরুল আবছার ও মো. আবুল বশর পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ইউএনওর নির্দেশে ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)।

বিষয়টি নিয়ে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, ছড়া খালের ওপর বা আশপাশে অন্য কেউ জমি দখল করে রেখেছেন কি না, তা যাচাই করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সব প্রতিবেদন পাওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সরকারি জমি উদ্ধার এবং ছড়া খালে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ক্যাটাগরি