বিমান ছিনতাইয়ের চেষ্টা নিয়ে ট্রাম্পের সংশয়, ‘পাইপ মিস্ত্রি বিমান বাঁচিয়েছে কি না জানি না’
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি বিমানে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় এক পাইপ মিস্ত্রি বিমানটি বিধ্বস্ত হওয়া থেকে রক্ষা করেছেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এ ঘটনার সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বুধবার বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, এক কো-পাইলট ক্যাপ্টেন পাইলটকে আঘাত করে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। এ সময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ট্রাম্প সাংবাদিকদের জানান, এ ঘটনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে। নেতানিয়াহু তাকে বলেছেন, ইয়ানিভ হাইয়ুন নামের এক পাইপ মিস্ত্রি বিমানটি রক্ষা করেন।
নেতানিয়াহুর সঙ্গে দেখা করার সময় ইয়ানিভ জানান, বিমানটি খাড়াভাবে নিচের দিকে নামতে থাকলে তিনি হামলাকারী কো-পাইলটকে সরিয়ে পাইলটের আসনে বসেন। এরপর বিমানের নিয়ন্ত্রণ উপরের দিকে টেনে ধরে বিমানটিকে সোজা করেন। এতে বিমানটি বিধ্বস্ত হওয়া থেকে রক্ষা পায় বলে দাবি করা হয়।
ইয়ানিভ আরও জানান, তার আগে কখনো বিমান চালানোর অভিজ্ঞতা ছিল না। টেলিভিশনে বিমান বিধ্বস্তের অনুষ্ঠান দেখে তিনি বিমান চালানো শিখেছিলেন বলেও নেতানিয়াহুকে জানান।
তবে এই দাবি পুরোপুরি নিশ্চিত করেননি ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ওই ব্যক্তি চিৎকার শুনে ককপিটে গিয়ে পরিস্থিতি দেখতে পান। বিমানটি দ্রুত নিচের দিকে নামছিল। এরপর তিনি বিমানের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে উপরের দিকে টেনে ধরেন এবং বিধ্বস্ত হওয়ার আগেই বিমানটি সোজা করেন।
ট্রাম্প বলেন, ঘটনাটি তিনি নেতানিয়াহুর কাছ থেকেই শুনেছেন। তার ভাষায়, ‘আমি জানি না এটি সত্য কি না, কিন্তু এই গল্প আমি নেতানিয়াহুর কাছে শুনেছি।’
পরে বিমানে থাকা একজন অফ-ডিউটি পাইলট ককপিটের নিয়ন্ত্রণ নিয়ে বিমানটিকে নিরাপদে জরুরি অবতরণ করান বলে জানান ট্রাম্প।