| | |

চট্টগ্রাম

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে এগিয়ে আসুন: ডিসি

পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সুস্থভাবে বেঁচে থাকার পাশাপাশি পরিবেশ সুস্থ রাখাও প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। চট্টগ্রামকে নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রামের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ও শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ার প্রত্যয় এবং যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি।

জেলা প্রশাসক বলেন, জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হলে তাদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা সবচেয়ে বেশি প্রয়োজন। প্রত্যেক মানুষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববোধ ও সচেতনতা নিয়ে এগিয়ে এলে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার আন্দোলন ও স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।

নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা যদি সবার মধ্যে দায়িত্ববোধ তৈরি করতে না পারি, তাহলে এই কার্যক্রমের সুফল ধরে রাখা সম্ভব হবে না। আমি গাছ লাগালাম বা কোনো জায়গা পরিষ্কার করলাম, কিন্তু সেটি সুন্দরভাবে রাখার দায়িত্ব সবার। কেউ কোনো জায়গা অপরিষ্কার করলে তাঁকে সচেতন করতে হবে।’

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন এবং চট্টগ্রাম আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা।

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পরিবহণ মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বাস টার্মিনালের পেছনের নালায় ফগার মেশিনের মাধ্যমে ডেঙ্গু মশা নিধনের ওষুধ ছিটিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ক্যাটাগরি