| | |

চট্টগ্রাম

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক

সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ ও ৯টি ট্রলিং জাল জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা এ অভিযান পরিচালনা করে।

শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় ১২ মিটার গভীরতায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল, ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছসহ ৩৮ জন জেলেকে আটক করা হয়।

জব্দ করা ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি