নজরদারিতে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া ২২ হাজার পুলিশ সদস্য
নজরদারিতে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া ২২ হাজার পুলিশ সদস্য
আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। একই সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগে কয়েক হাজার পুলিশ কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে। দায়িত্বশীল দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের পর বাহিনীর ভেতরে এ তৎপরতা আরও বেড়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা, পেশাদারিত্ব এবং স্পর্শকাতর তথ্যের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও অস্বস্তি।
পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, নজরদারিতে থাকা প্রায় ২২ হাজার সদস্যের মধ্যে ১৭ হাজার কনস্টেবল এবং চার হাজার উপপরিদর্শক (এসআই)। বাকিদের মধ্যে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) হওয়া কর্মকর্তারাও রয়েছেন। তাঁদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে।
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের পর এই নজরদারির বিষয়টি সামনে আসে। এর আগে একই ধরনের অভিযোগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
গত শনিবার (১৪ নভেম্বর) রাতে এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল কাসেম চৌধুরী। পাঁচলাইশ থানায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং মোবাইল ফোনে বার্তা বিনিময়ের অভিযোগ আনা হয়। মামলার পরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ৮ নভেম্বর রাত ৯টা ২৩ মিনিটে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে ‘ডেড্রিমার’ নামের একটি অ্যাপের মাধ্যমে বার্তা পাঠানো হয়। বার্তায় লেখা ছিল, ‘প্রিয় স্যার, আপনার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ, ডিসেম্বরে বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। ভালো থাকবেন স্যার। শুভেচ্ছান্তে।’
এজাহারে আরও বলা হয়, ওই বার্তার সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান এবং ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু বক্তব্য পাঠানো হয়েছিল। দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও জাহাঙ্গীর আলম টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রে যুক্ত হওয়া বা সহযোগিতা করার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এজাহারের সঙ্গে বার্তা আদান-প্রদানের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলমের স্ত্রী মাছুমা আক্তার। তাঁর দাবি, স্বামীর মোবাইল ফোন হ্যাক করে ষড়যন্ত্রমূলকভাবে এসব বার্তা পাঠানো হয়েছে। তাঁর স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।
এদিকে, মামলার পরদিন রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফার আদালতে হাজির করা হয়। পুলিশ তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে সাত দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মামলা করা হয়েছে।
তিনি জানান, ফৌজদারি মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় প্রক্রিয়াও চলবে। জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পদ থেকে বদলি হওয়ার কয়েক ঘণ্টা আগে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, তদন্তকারীরা জাহাঙ্গীর আলমের ফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছেন। এর একটিতে লেখা ছিল, ‘ডিসেম্বরের মধ্যে আগের সরকার আবার ক্ষমতায় ফিরবে।’ অন্যটিতে বলা হয়েছিল, ডিসেম্বরে ‘সবাই জীবন বাজি রেখে রাজপথে নামবে’।
ডিআইজি জানান, আওয়ামী লীগের কয়েকজন সদস্যের সঙ্গে জাহাঙ্গীরের যোগাযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর মঙ্গলবার তাঁকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেদিনই তাঁর ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোন দুটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) শফিজুল ইসলামকে। ফরেনসিক পরীক্ষায় ফোন দুটিতে আপত্তিকর বার্তার প্রমাণ পাওয়ার পর তদন্ত প্রতিবেদন তৈরি ও মামলা করার প্রক্রিয়া শুরু হয়।
এর আগে গ্রেপ্তার হন সাবেক ওসি রাকিবুল
এসপি জাহাঙ্গীর আলমের আগে একই ধরনের রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসান।
গত ১৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। ওই অডিওতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পুলিশে পদায়নে অর্থ লেনদেনের অনিয়ম নিয়ে কথা বলতে শোনা যায় তাঁকে।
অডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে ওসির দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ২৪ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।
ওই দিনই তাঁকে আদালতে হাজির করা হলে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলায় রাকিবুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়। তদন্তের প্রয়োজনে অডিওতে কথোপকথনে থাকা অপর ব্যক্তিকে শনাক্ত এবং রাকিবুলের কণ্ঠস্বর পরীক্ষার বিষয়টিও সামনে আসে। সর্বশেষ ১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত তাঁর জামিন আবেদন নাকচ করেন।
আওয়ামী লীগ আমলে নিয়োগ পেয়েছেন ১ লাখ ২০ হাজার
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, বর্তমানে বাহিনীতে প্রায় ২ লাখ ১৩ হাজার সদস্য রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে নিয়োগ পেয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার সদস্য।
ওই সময়ে পুলিশের কাঠামো সম্প্রসারণের পাশাপাশি ৮৩ হাজারের বেশি নতুন পদ তৈরি করা হয়। ২০০৯ সাল থেকে সরাসরি ও কোটার মাধ্যমে মোট ১ লাখ ৫ হাজার ৯২৫ জন কনস্টেবল এবং ১১ হাজার ৫১০ জন উপপরিদর্শক (এসআই) নিয়োগ পান।
এ ছাড়া ট্রাফিক ও মাঠপর্যায়ের কাজের জন্য ২ হাজার ৪৮৪ জন পুলিশ সার্জেন্ট নিয়োগ দেওয়া হয়। ২৮তম থেকে ৪৩তম বিসিএসের বিভিন্ন ব্যাচের মাধ্যমে কয়েক হাজার কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগ দেন।
১৭৪ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, ওএসডি শতাধিক
সাম্প্রতিক ঘটনাগুলোর পর পুলিশ বাহিনীর কার্যক্রম ও পেশাদারিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকে বর্তমান বিএনপি সরকারের নয় মাস পর্যন্ত বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও বাহিনীটি এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি বলে সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন।
আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া বা সুবিধাভোগী কিছু কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অসহযোগিতার অভিযোগও উঠেছে। এতে পুলিশের কাজের গতি ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এ পর্যন্ত অন্তর্বর্তী ও বর্তমান সরকার মিলে ১৭৪ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। বিভিন্ন পদে থাকা অন্তত ১০০ কর্মকর্তাকে করা হয়েছে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)।
ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এক নয়
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মনে করেন, ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য রয়েছে।
তিনি বলেন, ‘যারা মনে মনে কোনো দলের প্রতি সহানুভূতি রাখেন, সেটি আলাদা বিষয়। কিন্তু তারা বর্তমান সরকার ফেলে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারবেন—এমনটা ভাবার সুযোগ নেই।’
সাবেক আইজিপি ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, পুলিশ কর্মকর্তারা কোনো রাজনৈতিক দলের নয়, রাষ্ট্রের সেবা করতে বাধ্য। যারা এই দায়িত্ব ও পেশাগত নিরপেক্ষতার নিয়ম ভাঙবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ওমর ফারুক মনে করেন, অতীতের রাজনৈতিক প্রভাব শুধু পুলিশে নয়, প্রশাসনের অন্য স্তরেও ছড়িয়ে পড়েছিল। তাই এমন ব্যক্তিদের চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো, তদন্ত করা এবং অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ‘সরকার বদলালেও রাষ্ট্রের প্রতি তাদের পেশাদারত্ব, নিরপেক্ষতা ও জবাবদিহিতা ধরে রাখতে হবে।’
পুলিশ কর্মকর্তাদের মধ্যে আস্থার সংকট
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে দুই দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় বাহিনীর ভেতরে মানসিক চাপ ও আস্থার সংকট তৈরি হয়েছে।
তাঁদের মতে, পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার বাহিনী। এখানে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সহকর্মীদের রাজনৈতিক যোগাযোগ, গোপন তৎপরতা ও স্পর্শকাতর তথ্য বিনিময়ের অভিযোগ সামনে আসায় বাহিনীর ভেতরে সন্দেহ ও অস্বস্তি বাড়ছে।
কর্মকর্তারা আরও বলেন, গুটিকয়েক ব্যক্তির বিতর্কিত কর্মকাণ্ডের দায় পুরো বাহিনীর ওপর পড়ার আশঙ্কায় মাঠপর্যায়ের সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সদস্যরা বিব্রত হচ্ছেন। কে কার সঙ্গে যোগাযোগ রাখছেন, কার মোবাইল ফোনে কী ধরনের তথ্য বিনিময় হচ্ছে কিংবা কোন কর্মকর্তা কার নজরদারিতে রয়েছেন—এসব বিষয় নিয়ে সদস্যদের মধ্যে একধরনের আতঙ্ক কাজ করছে।
স্পর্শকাতর তথ্য ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা ও অভ্যন্তরীণ নজরদারি জোরদার হলে স্বাভাবিক পেশাগত কার্যক্রমেও মানসিক জড়তা তৈরি হতে পারে বলে মনে করছেন তাঁরা।
যা বলছেন পুলিশ কর্মকর্তারা
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ‘আমাদের হাজার হাজার পুলিশ সদস্য অত্যন্ত নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে দেশ ও জনগণের সুরক্ষায় কাজ করে যাচ্ছেন। গুটিকয়েক ব্যক্তির ব্যক্তিগত দায় বা বিচ্যুতির কারণে পুরো বাহিনীর অর্জন ও ভাবমূর্তি ম্লান হতে পারে না।’
তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর ভেতরে নৈতিকতা, পেশাদারিত্ব ও সুশাসন জোরদার করতে তাঁরা নিরলসভাবে কাজ করছেন। কোনো ধরনের ষড়যন্ত্র বা নেতিবাচক পরিস্থিতি যেন জনসেবামূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে তাঁরা সজাগ রয়েছেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশ বাহিনী একটি সম্পূর্ণ পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান। বাহিনীর কেউ শৃঙ্খলাবহির্ভূত বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাহিনীর ভেতরে সুশাসন ও জবাবদিহি আরও দৃঢ় করাই তাঁদের লক্ষ্য, যাতে জনগণ পুলিশকে আরও বেশি আস্থার জায়গা হিসেবে দেখতে পারে।
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব ও আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, অপরাধে যাঁদের সম্পৃক্ততা পাওয়া যাবে এবং তদন্তে যাঁদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।
তবে নিরপরাধ কাউকে অভিযোগের আড়ালে হয়রানি কিংবা ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনতে হবে। অন্যথায় তা মানবাধিকারের চরম লঙ্ঘন হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের মধ্যেই আতঙ্ক তৈরি হওয়া উচিত। নিরপরাধ ও পেশাদার পুলিশ সদস্যদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।