ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ তিন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে জড়ো হয়ে অবরোধ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তাঁদের তিন দফা দাবির মধ্যে রয়েছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত বাতিল এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করা। এসব দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন স্থানে তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকরা। বিকেল ৪টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে কয়েকটি কারখানার শ্রমিক জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশের সঙ্গে আলোচনা শেষে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।
সাভার হাইওয়ে থানা পুলিশের মো. আসাদুজ্জামান নূর জানান, বিভিন্ন দাবি তুলে পোশাকশ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।