| | |

চট্টগ্রাম

দীর্ঘ অপেক্ষার অবসান, লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ

দীর্ঘ অপেক্ষার অবসান, লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ

চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ এটি: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম নগরের লালখান বাজার মোড়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চালু হয়েছে নবনির্মিত ফুটওভার ব্রিজ। শনিবার (১৪ নভেম্বর) সকালে জনসাধারণের চলাচলের জন্য ব্রিজটি উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

উদ্বোধনের আগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, লালখান বাজারের নবনির্মিত ফুটওভার ব্রিজটি চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় মোড়সংলগ্ন এলাকায় ব্রিজটি নির্মাণ করা হয়েছে।

সমাবেশে মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূলনীতি হলো ‘কথা কম, কাজ বেশি’। তাঁর নির্দেশনায় চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের কর্মতৎপরতার প্রশংসা করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রামকে বদলে দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন সিডিএ চেয়ারম্যান।

নবনির্মিত ফুটওভার ব্রিজ চালুর মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামের মানুষের প্রয়োজনে যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডের প্রস্তাব দেওয়া হলে তিনি নিজ দায়িত্বে তা অনুমোদনের ব্যবস্থা করবেন।

এ সময় রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশ ও রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র কিংবা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে চট্টগ্রামে দলের নেতাকর্মীরাই তা প্রতিহত করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এই দাবিতে বর্তমান প্রধান অতিথি ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের নেতৃত্বেই একসময় মানববন্ধন হয়েছিল। অবশেষে ব্রিজটি চালুর মধ্য দিয়ে সেই দাবি পূরণ হয়েছে।

আগামী ডিসেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী সিডিএর বাস্তবায়িত শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আউটার রিং রোড এবং কালুরঘাট থেকে চাক্তাই সংযোগ সড়ক উদ্বোধন করবেন বলে জানান সিডিএ চেয়ারম্যান। তিনি বলেন, এসব মেগা প্রকল্প চালু হলে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

নগরবাসীকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে বেলায়েত হোসেন বলেন, বিগত সাড়ে ১৭ বছর অনিয়মই নিয়মে পরিণত হয়েছিল। খাল-নালা দখল করে জোরপূর্বক মার্কেট ও ভবন নির্মাণ করা হয়েছে। চট্টগ্রামকে পরিকল্পিত, সবুজ ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এসব অনিয়ম আর চলতে দেওয়া যাবে না।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অর্থায়নে নির্মিত ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য ১৩৭ দশমিক ৮ ফুট। সিঁড়িগুলোর প্রস্থ ৮ ফুট এবং এটি মূল সড়ক থেকে ১৮ ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে। ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৮০ লাখ টাকা। পথচারীদের সুবিধার্থে চারপাশে ওঠানামার জন্য চারটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।

নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের সংযোগস্থল হওয়ায় লালখান বাজার মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করেন। নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা না থাকায় অতীতে সেখানে একাধিক দুর্ঘটনা ঘটে।

২০২২ সালের ১২ ডিসেম্বর মিনিবাসের ধাক্কায় স্কুলশিক্ষক ফারহানা ও তাঁর মেয়ে সায়কা আহত হন। পরবর্তী সময়ে ২০২৩ সালের ২৪ জানুয়ারি প্রাইভেট কারের ধাক্কায় আহত হন এক তরুণী। এসব দুর্ঘটনার পর এলাকাটিতে নিরাপদ পারাপারের দাবিতে সোচ্চার হন স্থানীয় বাসিন্দারা।

এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে ইস্পাহানি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সিডিএ সচিব নুর-এ জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ক্যাটাগরি