হাটহাজারীতে প্রবাসীর কাছে চাঁদা দাবির অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে
হাটহাজারীতে মসজিদের উন্নয়নকাজ নিয়ে বিরোধের জেরে পুলিশের এক. উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১৫ লাখ টাকা চাঁদা দাবি এবং বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ করেছেন মো. মামুন নামে এক প্রবাসী। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মামুন।
সংবাদ সম্মেলনে মামুন বলেন, তাঁর দাদার ওয়াকফ করা জমিতে নিজের অর্থায়নে একটি মসজিদের উন্নয়নকাজ করতে গেলে স্থানীয় লাভলী আক্তার ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে বিরোধের সূত্র ধরে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।
মামুনের অভিযোগ, গত ১৫ মে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) রূপন নাথের পক্ষ থেকে মামলা থেকে রেহাই দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। পরে দরকষাকষির মাধ্যমে তাঁর স্ত্রীকে ভয় দেখিয়ে দুই দফায় এক লাখ টাকা নেওয়া হয়।
তিনি দাবি করেন, বর্তমানে তাঁর কাছে ১৫ লাখ টাকা চাওয়া হচ্ছে। এই টাকা না দিলে ধর্ষণ, ইয়াবা, চাঁদাবাজি ও হত্যা মামলাসহ বিভিন্ন রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ করার পর সেটি প্রত্যাহার করতেও চাপ দেওয়া হয়েছে।
মামুনের ভাষ্য, অভিযুক্ত এসআইকে থানা থেকে প্রত্যাহার করা হলেও দুই মাস পর গোয়েন্দা পুলিশে (ডিবি) যুক্ত হওয়ার পর আবারও তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। পরিস্থিতির কারণে তাঁর তিন মেয়ের পড়াশোনাও ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন এসআই রূপন নাথ। তাঁর দাবি, মামুনের সঙ্গে জমিজমা নিয়ে তাঁর কোনো বিরোধ নেই এবং সংশ্লিষ্ট মামলায় তিনি কোনো টাকা নেননি।
রূপন নাথ বলেন, ‘তারা আমাকে ফ্যাসিস্ট বানানোর চেষ্টা করেছে। থানা থেকে বদলি করিয়েছে। যে মামলার কথা বলছে, সেখান থেকে আমি এক টাকাও নিইনি। এসপি অফিসে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। সেটি প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব।’
কেন তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে, তা জানেন না বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।