এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই গণ-অভ্যুত্থানের আলোচিত ফাইয়াজ
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের আলোচিত কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ। তিনি ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শাখার বিজ্ঞান বিভাগ থেকে এ ফল অর্জন করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) ফাইয়াজ নিজেই তাঁর ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন। তাঁর বড় ভাই মাজহারুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস), ফেসবুক পোস্টেও বিষয়টি জানান।
ফাইয়াজ বলেন, তিনি প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছেন। এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বাংলা ছাড়া বাকি সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন ফাইয়াজ। দুই পত্র মিলিয়ে বাংলায় ১৫৮, ইংরেজিতে ১৬৮, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে (আইসিটি) ৮১, পদার্থবিজ্ঞানে ১৭৪, রসায়নে ১৮৬, উচ্চতর গণিতে ১৭৬ এবং জীববিজ্ঞানে ১৬৪ নম্বর পেয়েছেন তিনি।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় গ্রেপ্তারের ঘটনায় আলোচনায় আসেন ফাইয়াজ। ২৪ জুলাই মাতুয়াইলে নিজের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে পুলিশ সদস্য হত্যার অভিযোগে তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।
তখন ফাইয়াজের বয়স ছিল ১৭ বছর। ২৭ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে একজন অপ্রাপ্তবয়স্ককে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা এবং রিমান্ডে নেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরদিন ২৮ জুলাই তাঁর রিমান্ড বাতিল করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের পর টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তি পান ফাইয়াজ। সেই সময়ের প্রতিকূলতা পেরিয়ে আবার পড়াশোনায় মনোযোগী হন তিনি। এবার এইচএসসি পরীক্ষায় ভালো ফল করে নতুন করে আলোচনায় এসেছেন এই শিক্ষার্থী।