| | |

চট্টগ্রাম

নকশাবহির্ভূত নির্মাণে চউকের অভিযান, চার ভবনের অংশবিশেষ ভাঙা, সিলগালা দুটি

 

চট্টগ্রাম নগরীতে অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। নগরীর খুলশী ও চান্দগাঁও এলাকায় পরিচালিত এ অভিযানে ছয়টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে চারটি ভবনের অংশবিশেষ ভেঙে দেওয়া হয়েছে এবং দুটি ভবন সিলগালা করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট ভবনমালিকদের কাছ থেকে হলফনামা নেওয়া হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান বাস্কেটসহ আরও দুটি ভবনকে সতর্ক করা হয়েছে।

অভিযানে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনের বিভিন্ন অংশ আংশিকভাবে অপসারণ করা হয়। পাশাপাশি ভবনমালিকদের হলফনামা নেওয়া এবং নির্মাণকাজে প্রযোজ্য বিধিবিধান অনুসরণের বিষয়ে সতর্ক করা হয়।

চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ নগরীর পরিকল্পিত উন্নয়ন ও নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। ভবনমালিকদের অবশ্যই চউক অনুমোদিত নকশা ও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে নির্মাণকাজ পরিচালনা করতে হবে।”

তিনি আরও বলেন, “নগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে অনুমোদিত নকশার ব্যত্যয় এবং নির্মাণসংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে ভবনমালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

চউক জানিয়েছে, নগরীকে পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা এবং ভবন নির্মাণসংক্রান্ত বিধিবিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চউকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় চউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি