| | |

চট্টগ্রাম

একসময় রাস্তায় ময়লা পরিষ্কার করবে রোবট: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিজ্ঞান এখন অনেক দূর এগিয়ে গেছে। রোবটের মাধ্যমে অস্ত্রোপচার হচ্ছে। বাংলাদেশেও একসময় রোবট রাস্তায় ময়লা পরিষ্কার করবে। সেই দিন বেশি দূরে নয়।

তিনি বলেন, তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে নির্ভুল তথ্য প্রকাশ করতে হবে। সঠিক তথ্য না পেলে সমাজ ও জাতি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী নতুন প্রজন্ম গঠনে সমকাল কাজ করে যাচ্ছে।

শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক দল অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে ফেনীর সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থী আফসানা হালিম তিশা।

বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো রাঙামাটির মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজারের বাঁকখালী উচ্চ বিদ্যালয়, বান্দরবান আইডিয়াল স্কুল, চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রতিযোগিতায় হার-জিত থাকবেই। তবে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। বিজয়ী ও পরাজিত উভয় দলকেই বিতর্কের সময় কোথায় নম্বর পেয়েছে, তা পর্যালোচনা করতে হবে এবং আগামী দিনের জন্য নিজেদের নতুন করে প্রস্তুত করতে হবে। বিজ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, বিজ্ঞানের কল্যাণে সারা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। তাই বিজ্ঞান সম্পর্কে আরও জানতে ও শিখতে হবে। আগামীর দিন বিজ্ঞানের। যারা বেশি বিজ্ঞানচর্চা করবে, তারা তত বেশি এগিয়ে যাবে।

তিনি বলেন, পাহাড়, সমুদ্র ও সবুজের অপরূপ সৌন্দর্যের শহর চট্টগ্রাম। বিগত সরকার পাহাড় কেটে একের পর এক স্থাপনা নির্মাণ করে পরিবেশ ধ্বংস করেছে। এখন থেকে এ শহরে পাহাড় কাটা চলবে না, খালের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করা যাবে না এবং নকশা পরিবর্তন করে রাস্তা দখল করতে দেওয়া হবে না।

বেলায়েত হোসেন আরও বলেন, বাংলাদেশের মানুষ বিদেশে গেলে আইন মেনে চলে। কিন্তু দেশে ফিরে অনেকেই আইন মানতে চায় না। এই অভ্যাস ত্যাগ করতে হবে।

সমকালের চট্টগ্রাম রিজিওনাল এডিটর সারোয়ার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল হাছান চৌধুরী, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো. আসাদুজ্জামান এবং দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা বিতার্কিক মাসুদ বকুলসহ অন্যরা।

ক্যাটাগরি