যে শর্তে ‘বিগ বস’-এ গিয়েছিলেন নোরা ফাতেহি
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি একসময় জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছিলেন। তবে পরে মোটা অঙ্কের পারিশ্রমিক এবং নিজের পরিচিতি বাড়ানোর সুযোগ বিবেচনায় নিয়ে তিনি শোটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
সম্প্রতি এক পডকাস্টে নোরা ফাতেহি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানের কাজে যুক্ত হলেও সময়মতো পারিশ্রমিক না পাওয়ায় তিনি আর্থিক ও পেশাগত সমস্যার মুখোমুখি হন। সেই সময়েই ‘বিগ বস ৯’-এ অংশ নেওয়ার প্রস্তাব পান তিনি।
নোরার ভাষ্য, প্রথমদিকে রিয়্যালিটি শোতে অংশ নেওয়ার আগ্রহ ছিল না। কিন্তু আয়োজকদের প্রস্তাব করা পারিশ্রমিকের পরিমাণ জানার পর তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। তার মতে, ওই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।
তিনি আরও বলেন, ‘বিগ বস’কে তিনি ভারতীয় দর্শকদের কাছে নিজেকে পরিচিত করে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে দেখেছিলেন। ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ায় দীর্ঘদিন শোতে টিকে থাকার সম্ভাবনা কম ছিল বলে মনে করলেও স্বল্প সময়ের সেই সুযোগকে কাজে লাগানোর পরিকল্পনা করেছিলেন।
নোরার সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার ক্যারিয়ারের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করতে সক্ষম হন।