‘হনুমান অংশ’ নিয়ে রিচা চাড্ডা: ধর্মীয় কনটেন্ট বেশি চলে
এ বছর ভারতীয় সিনেমায় আলোচিত নাম ‘হনুমান অংশ’। মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে। বড় নির্মাতা বা তারকা অভিনয়শিল্পী না থাকলেও সিনেমাটির এমন সাফল্য নিয়ে আলোচনা চলছে।
তবে বলিউড অভিনেত্রী রিচা চাড্ডার মতে, ‘হনুমান অংশ’-এর সাফল্যকে ভালো কনটেন্টের জোয়ার হিসেবে দেখার সুযোগ নেই।
এক সাক্ষাৎকারে রিচা বলেন, পৌরাণিক কনটেন্ট সাধারণত ভালো চলে। ধর্মীয় বা পৌরাণিক কাহিনি দর্শকরা পছন্দ করেন। তাই শুধু এ সিনেমার সাফল্যের ভিত্তিতে বলা যায় না যে এ বছর খুব ভালো কনটেন্টের সিনেমা পাওয়া গেছে।
ভারতীয় সিনেমায় দীর্ঘদিন ধরেই পুরাণ ও শাস্ত্রভিত্তিক সিনেমার চাহিদা রয়েছে। ‘হনুমান অংশ’ও তার একটি উদাহরণ। সিনেমাটি ভারতের আলোচিত আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
বিশাল চতুর্বেদী পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য। এছাড়া অভিনয় করেছেন চন্দন আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগিসহ আরও অনেকে।